রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে দোকানে খাবার জিনিস কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে (ব্যবসায়ী) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে থানায় আসে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক ১১ টার দিকে স্কুল থেকে পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায় ব্যবসায়ী মোজাম্মেল হক মজা। এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটক করে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

Ads