খুলনার দৌলতপুর কুলিবাগান মোড় সংলগ্ন দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
খুলনার দৌলতপুর কুলিবাগান মোড় সংলগ্ন দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি নিহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে জলিলের বুক ও পিঠে গুলি লাগে।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে।

এ সময় পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত জলিল ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন। তিনি নেশাপানি করতেন। তার কাছে কে বা কারা চাঁদা চেয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Ads