কালিয়াকৈরে গভীর রাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ক্ষোভ প্রকাশ

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
কালিয়াকৈরে গভীর রাতে যুবলীগের ঝটিকা মশাল মিছিল, ক্ষোভ প্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে ঝটিকা মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় এ ঝটিকা মশাল মিছিল করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরাসহ স্থানীয় লোকজন।

এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। ওই মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ওই সংগঠনটির নেতাকর্মীরা।

মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে কয়েক মিনিটের ওই মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয় বেশ কয়েকজন যুবক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির খবর পেয়ে দ্রুত সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন এলাকার দিকে চলে যান। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মশাল মিছিলটি ভাইরাল হয়ে উঠে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় লোকজন।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে গভীর রাতে কিছু লোক মশাল নিয়ে মিছিল করার চেষ্টা করেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Ads