খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য

খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে আজমল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে মারধর করে হত্যা করা হয়েছে এমন অভিযোগ উঠলেও তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কয়েকজন যুবক গুরুতর আহত অবস্থায় আজমলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাদের দেওয়া তথ্যমতে, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলা থেকে পড়ে গিয়ে আজমল আহত হন।

হাসপাতালের ভর্তি সংক্রান্ত কাগজপত্রে নিহতের নাম আজমল, বাবার নাম কুতব এবং ঠিকানা গল্লামারী, হরিণটানা, খুলনা উল্লেখ রয়েছে। হাসপাতালে নেওয়ার প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র আরও জানায়, আজমলকে হাসপাতালে নিয়ে আসা যুবকেরা তার মৃত্যুর পর দ্রুত সেখান থেকে চলে যান।

এদিকে, আজমলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে। এতে তাকে মারধর করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে তিনি ভবনের চারতলা থেকে পড়ে আহত হয়েছেন, নাকি তার আগে তাকে মারধর করা হয়েছিল—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজমল কীভাবে আহত হলেন, কারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন এবং মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হতে পারে।

Ads