বিদ্যুৎ খরচ বেড়েছে তিন গুণ’, গ্রাহকদের অভিযোগ; দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

তারিকুল ইসলাম শুভ, রংপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
বিদ্যুৎ খরচ বেড়েছে তিন গুণ’, গ্রাহকদের অভিযোগ; দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রিপেইড মিটার বাতিল, আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন বিদ্যুৎ সংযোগে ডিজিটাল পোস্টপেইড মিটার সরবরাহের দাবিতে রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাও করেছেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতাকর্মী ও ভুক্তভোগী গ্রাহকেরা।  ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে গ্রাহকদের শত শত আবেদনসহ নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

কর্মসূচি উপলক্ষে সকাল ১১টার দিকে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে পৃথক দুটি মিছিল বের করা হয়। মিছিল দুটি নেসকোর রংপুর কার্যালয়ে গিয়ে পৌঁছালে সেখানে ঘেরাও কর্মসূচি শুরু হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু ও মির্জা বাবর বাবুল, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, মো. সোহেল, শহিদুল ইসলাম সুমন এবং ভুক্তভোগী গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম ও রাজা মিয়াসহ অন্যরা।

সমাবেশে ভুক্তভোগী গ্রাহক শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, “আগে আমার বাসায় যে লাইট, ফ্যান ও চুলা ছিল, এখনো তাই আছে। বিদ্যুতের ব্যবহার বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর বিদ্যুৎ খরচ তিন গুণ বেড়ে গেছে। আমি এই মিটার চাই না।

আরেক গ্রাহক শফিকুল ইসলাম অভিযোগ করেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে নেসকোর কর্মীরা তাঁর স্ত্রীর কাছে গিয়ে প্রিপেইড মিটার লাগানোর কথা বলেন। তাঁর দাবি, মিটার না লাগালে ২০ হাজার টাকা জরিমানা ও মামলার ভয় দেখানো হয়। ভয়ে তাঁর স্ত্রী কিছু বলতে পারেননি। পরে মিটার লাগিয়ে চলে যান কর্মীরা। এরপর থেকে প্রতি মাসে আগের তুলনায় অনেক বেশি টাকা বিদ্যুৎ বিলের পেছনে খরচ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, “নেসকো প্রতারণার মাধ্যমে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।”

সংগঠনের সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগ ও দাবিগুলো লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়ে গেলাম। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ও দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

সমাবেশ থেকে প্রিপেইড মিটার অপসারণ, আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন এবং নতুন সংযোগপ্রত্যাশীদের পোস্টপেইড মিটার সরবরাহের দাবি জানানো হয়। একই সঙ্গে গ্রাহকদের অভিযোগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নেসকো কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

 

Ads