নাটোরে ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
নাটোরে ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads