ঐতিহ্যকে ফিরিয়ে এনে যুব সমাজকে মাদক জুয়া থেকে রক্ষা করতে হবে : সংস্কৃতি মন্ত্রী

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
ঐতিহ্যকে ফিরিয়ে এনে যুব সমাজকে মাদক জুয়া থেকে রক্ষা করতে হবে : সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, স্বৈরাচারি সরকারের ধ্বংশ করা ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। দেশ থেকে হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য আমাদের গর্ব অহংকার । ভাটিয়ালি, বাওয়ালি,জারি,সারি, মুর্শিদি, লালন গীতি, ভাওয়াইয়া সকল কিছু একসময় বাংলায় জনপ্রিয় ছিল।

পাশাপাশি এ দেশ থেকে হারিয়ে যাচ্ছে লোকজ ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে প্রাচীন সব খেলা। কাবাডি, লাঠি খেলা, নৌকা বাইচ, কুস্তি খেলা, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট, সাপ খেলা, ঝাপান খেলা,গ্রামীন মেলা এগুলো এক সময় খুব জনপ্রিয় ছিল। এই খেলাগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। সরকার হারানো ঐতিহ্য ফেরাতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা হারানো ঐতিহ্য ফেরাতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি।

মন্ত্রী আরো বলেন, আমাদের প্রাচীন ঐতিহ্য খেলা গুলো ফেরাতে হবে। বেশি করে যুবসমাজের মাঝে এই খেলাগুলো প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন করতে হবে। পুলিশের মহা পরিদর্শক আলী হোসেন ফকির নেয়া কর্মসুচির আওতায় মাগুরা জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন।

স্থানীয় নোমানী ময়দানে শুক্রবার সকাল ১১ টায় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী,মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

আয়োজকরা জানান,নানা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দিনব্যাপী এ খেলায় বালক -বালিকা গ্রুপে ৮ টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় শালিখা কাবাডি একাদশ ও মোহাম্মদপুর কাবাডি একাদশের মুখোমুখি হয়েছে। এর আগে মন্ত্রী নোমানী ময়দানের উত্তর পাশে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। পরে মন্ত্রী মহোদয় স্থানীয় স্টেডিযামে জেলা প্রসাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

Ads