আওয়ামীলীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না : তথ্যমন্ত্রী পার্থ

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
আওয়ামীলীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না : তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আওয়ামীলীগের গণতন্ত্র নিয়ে বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগে আওয়ামীলীগ দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন বলছে গণতন্ত্র নেই। অথচ তারাই বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে। আমরা নির্বাচিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছি।

আওয়ামীলীগের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আওয়ামীলীগের ধারণা নেই। প্রায় আড়াই বছর আগে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এরপর থেকে দলটির দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মানুষের সাথে কুশল বিনিময় ও খোঁজ-খবর নেওয়া শেষে সন্ধ্যায় ভোলার ব্যাংকেরহাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামীলীগের রাজনীতিতে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির জন্য ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। আওয়ামীলীগ বিগত ১৭ বছর ধরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। এরপর বাংলাদেশের মানুষ তাদের রাজনীতি করার সুযোগ দেবে কি না, তা সময়ই বলে দেবে।

দুর্গাপূজা উদ্যাপনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ আগে প্রচার করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তিনি মনে করেন ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবসম্মত বলে মনে হয় না।

ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে কুশল বিনিময় ও খোজ-খবর নেয়ার সম্যয় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র জেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের বিজেপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Ads