ঝিনাইদহে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
ঝিনাইদহে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা

শীতের আগমনী বার্তায় ঝিনাইদহের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। খেজুর গাছের ডালপালা পরিষ্কার, রস সংগ্রহের উপযোগী করে গাছ প্রস্তুত এবং গুড়-পাটালি তৈরির সরঞ্জাম গোছাতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় গাছিরা। স্থানীয় গাছিরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু হবে। আর কয়েক দিনের মধ্যেই গাছে গাছে ঝুলবে মাটির হাঁড়ি।

সংগৃহীত রস জ্বাল দিয়ে তৈরি করা হবে সুস্বাদু গুড় ও পাটালি। শীতের সকালে খেজুরের রস, গুড়ের পিঠা ও পায়েসের স্বাদ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোজনরসিকরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর ঝিনাইদহ জেলায় প্রায় ১ লাখ ১৩ হাজার খেজুরগাছ রয়েছে। এসব গাছ থেকে সংগৃহীত রস দিয়ে ১৮ হাজার ৮ টন গুড় ও পাটালি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় ঝিনাইদহের ঐতিহ্যবাহী খেজুরের গুড় ও পাটালি।

স্থানীয় গাছিদের দাবি, এসব পণ্য দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে। জেলার নলডাঙ্গা, বারবাজার, গান্না, মধুহাটি, সাধুহাটি, খালিশপুর, স্বরূপপুর, ভৈরবা, শাখারীদহ, রঘুনাথপুর, বিন্নী, বালিয়াডাঙ্গা, এলাঙ্গী, রূপদহ ও মধুপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে খেজুরের গুড় ও পাটালি উৎপাদন করা হয়।

শীত মৌসুমে খেজুরের রস ও গুড়-পাটালি শুধু গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারই নয়, অনেক গাছি পরিবারের মৌসুমি আয়ের অন্যতম উৎস। যথাযথভাবে সংরক্ষণ করলে গুড় ও পাটালি সারা বছর ব্যবহার করা যায়। তাই শীতের আগমনে নতুন কর্মব্যস্ততার পাশাপাশি বাড়তি আয়ের আশায় বুক বাঁধছেন ঝিনাইদহের গাছিরা।

 

Ads