ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুতে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৯৯ জন। এ ছাড়া খুলনায় ২৫০ জন, চট্টগ্রামে ২৪১ জন, রাজশাহীতে ২২৯ জন, বরিশালে ২১৭ জন, রংপুরে ১১২ জন এবং ময়মনসিংহে ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Ads