দেশ ছাড়ার নির্দেশ ঘিরে বিপাকে বলিউড অভিনেতা ইমরান

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
দেশ ছাড়ার নির্দেশ ঘিরে বিপাকে বলিউড অভিনেতা ইমরান

ভারতে থাকা নিয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামীকাল ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ভারতের বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। নির্ধারিত সময়সীমার ঠিক আগের দিন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।

গতকাল সোমবার (২৬ অক্টোবর) মামলাটি শুনানির জন্য উঠলেও তা পিছিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্ধারণ করা হয়েছে। ফলে ভারত ছাড়ার নির্দেশ নিয়ে আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকেই এখন নজর ইমরান ও তার আইনজীবীদের।

ইমরান খান মার্কিন নাগরিক এবং তার কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে তাকে সাময়িকভাবে আটক করে পুলিশ। ওই কর্মসূচিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে এই প্রতিবাদ সংগঠিত হয়েছিল।

ওই ঘটনার পরই ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে অভিনেতার দাবি, তিনি ওই প্রতিবাদে অংশ নেননি। এমনকী, কর্মসূচির আয়োজকদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই বলে আদালতে জানিয়েছেন তিনি।

দেশ ছাড়ার নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বম্বে হাই কোর্টে আবেদন করেছেন ইমরান। তার অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করেই তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগও পাননি তিনি। তার মতে, এই পদক্ষেপ আইনসম্মত নয় এবং ন্যায্য বিচার পাওয়ার অধিকারকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।

Ads