খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: ধর্মমন্ত্রী

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর প্রতিনিধি(কুমিল্লা) ঃ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: ধর্মমন্ত্রী

কুমিল্লার মুরাদনগরের সাম্প্রতিক পাবলিক পরীক্ষার (এইচএসসি) ফলাফলে তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে কড়া বার্তা দিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হবে, তাদের এমপিও বন্ধের জন্য সুপারিশ করা হবে। সরকার থেকে নানা সুবিধা নিয়ে খারাপ ফলাফল করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মগুরুদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার কাজ সফলভাবে চলছে।

সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও সহকারী শিক্ষক শারমিন ফাতেমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব হাছান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া ও আব্দুল আজিজ মোল্লা, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ads