ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় ঐক্য, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা। এছাড়া জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, স্কুল কলেজে রচনা প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Ads