ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিক ভাবে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও রোড এলাকায় ঐতিহ্যবাহী যুব সংসদের আয়োজনে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

এসময় পয়গাম আলী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা গেলে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। তাই সমাজে খেলাধুলার চর্চা বাড়াতে হবে এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করতে হবে।’

তিনি বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্ট খেলাটি শুধু আমি নই, সবাই উপভোগ করবেন। যাঁরা এ আয়োজন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই জানেন, খেলাধুলাকে আরো এগিয়ে নিতে এবং খেলাধুলা পছন্দ করেন এমন মানুষদের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা যদি ধারাবাহিকভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করতে পারি এবং যুবসমাজকে খেলার মাঠে ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদের মাদকের ছোবল থেকে দূরে রাখতে পারব।’

উদ্বোধনী অনুষ্ঠানে যুব সংসদের আহবায়ক মো. সাকের উল্লাহর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও যুব সংসদের কর্মকর্তারা।

উদ্বোধনী খেলায় ট্রাইবেকারের মাধ্যম ৪-৩ গোলের ব্যবধানে ঠাকুরগাঁওয়ের কেএসএফএ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয় পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

উল্লেখ্য, আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী যুব সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

Ads