ভোলায় হকারদের দখলে হাতিরঝিল ব্রীজ, ভোগান্তিতে পথচারীরা

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
ভোলায় হকারদের দখলে হাতিরঝিল ব্রীজ, ভোগান্তিতে পথচারীরা

ভোলার সদর উপজেলার নতুন বাজার ও চকবাজারকে সংযুক্ত করা ভোলার হাতিরঝিল নামে পরিচিত ব্রীজটি এখন হকারদের দখলে। ব্রীজের ওপর ও দুই পাশের ফুটপাতজুড়ে বসেছে বিভিন্ন ধরনের দোকান। এতে প্রতিদিন চলাচলকারী পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এটি ভোলা শহরের সদর রোড, চক বাজার, গুড় পট্টি এবং মাছ বাজারের সাথে নতুন বাজারকে যুক্ত করেছে। এটি ভোলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এবং প্রতিদিন প্রচুর মানুষ ও যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করে।

সরেজমিনে সঙ্গে কথা হয় ফুটপাতে ব্যবসা করা কয়েকজন হকারের। তারা জানান, জীবিকার তাগিদেই ফুটপাতের ওপর ব্যবসা করছেন। ভোলা সদর উপজেলার ধনিয়া এলাকার রাকিব ও লিটন বলেন, আমাদের এখান থেকে উঠিয়ে দিলে আমরা কীভাবে খাব ? আমরা এই কাজই শিখেছি, এটা করেই জীবিকা নির্বাহ করি। আমাদের জন্য যদি একটি নির্ধারিত জায়গার ব্যবস্থা করা হয়, তাহলে আমরা এখানে আর বসব না।

তবে অভিযোগ রয়েছে, ফুটপাতে বসে ব্যবসা করতে কিছু অজ্ঞাত ব্যক্তিকে টাকা দিতে হয়। যদিও এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। ইলিশা ইউনিয়নের মোহাম্মদ বলেন, আমরা যে রাস্তায় বসে মানুষের ভোগান্তি সৃষ্টি করছি, সেটি সত্য। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হকারদের জন্য নির্ধারিত মার্কেট বা জায়গা রয়েছে। ভোলায় আমাদের জন্য তেমন কোনো নির্ধারিত জায়গা নেই। আমাদেরও পরিবার আছে, পেট আছে। জীবিকার জন্যই এখানে বসতে হয়।

অন্যদিকে, পথচারী শহীদ তালুকদার বলেন, একাধিকবার অভিযান চালিয়ে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অভিযানের ঘণ্টাখানেক পরই আবার আগের মতো দোকানপাট বসে যায়। এতে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোলা একটি ছোট শহর। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, এ বিষয়ে একটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মো. বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ম্যাজিস্ট্রেট সংকটের কারণে এত দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই ব্রীজ ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একদিকে হকারদের জীবিকার প্রশ্ন, অন্যদিকে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের অধিকার। দুই পক্ষের সমস্যার স্থায়ী সমাধানে হকারদের জন্য নির্ধারিত ব্যবসার জায়গা তৈরি এবং ভোলার নতুন বাজার হাতিরঝিল ব্রীজ ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

Ads