সৌদি অবস্থানে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চারটি নতুন অভিযান ইয়েমেনের

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
সৌদি অবস্থানে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চারটি নতুন অভিযান ইয়েমেনের

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের হামলার জবাবে দেশটির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে চারটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের দেশ ও জনগণের ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে এসব অভিযান চালানো হয়েছে। সৌদি হামলায় সংঘটিত নৃশংসতার সর্বশেষ উদাহরণ ছিল আল-ওয়াজিয়াহ অঞ্চলের আল-হাজারা বাজারে এবং বনি হাশিশ এলাকার আবাসিক ভবনগুলোতে দুটি হত্যাযজ্ঞ। এসব হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন।

তিনি জানান, এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে চারটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে।

প্রথম অভিযান: সৌদি রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, সৌদি আরামকোর তেল সংরক্ষণাগার এবং একটি আর্থিক কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়। ইয়াহিয়া সারির দাবি, এসব হামলা সরাসরি ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

দ্বিতীয় অভিযান: আবকাইকে অবস্থিত সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালানো হয়। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তৃতীয় অভিযান: সৌদি কর্মকর্তা ফারেস আল-শাম্মারির অধীনস্থ সৌদি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। পূর্ব জাওফ প্রদেশ এবং মারিব প্রদেশের মাদগাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে বহু সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

চতুর্থ অভিযান: সৌদি কর্মকর্তা বদর আল-হারবির অধীনস্থ বাহিনীর অবস্থান লক্ষ্য করে লাহিজ প্রদেশের আল-মুদারিবাহ এলাকায় হামলা চালানো হয়। ইয়াহিয়া সারি বলেন, এ হামলাতেও বহু সেনা হতাহত হয়েছে।

ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনের জনগণের রক্তের প্রতিশোধ নিতে সৌদি আরবের অভ্যন্তরে সামরিক অভিযান অব্যাহত থাকবে। আগ্রাসী সৌদির বিরুদ্ধে প্রতিরোধমূলক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ অভিযানের মাধ্যমে আরও কঠোর আঘাত হানা হবে।

তিনি বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ‘অবরোধের জবাবে অবরোধ, উত্তেজনার জবাবে উত্তেজনা’—এই নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে সৌদি বাহিনী ও তাদের কর্মকর্তাদের অবস্থানও লক্ষ্যবস্তু করা হবে।

Ads