ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী

জানুয়ারিতে সংঘটিত সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডের রায় পাওয়া ইরানের কারাবন্দী নারীরা বাঁচার মরিয়া আকুতি জানাচ্ছেন। নির্যাতন চালিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং রাজনৈতিক উদ্দেশ্যে এসব রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে দেশটিতে নারীদের মৃত্যুদণ্ড কার্যকরের হার কয়েক দশকের মধ্যে নজিরবিহীন রূপ নিয়েছে।

বিবিসি পারসিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে ২১ বছর বয়সী বন্দী তারানেহ রহিমির শোচনীয় শারীরিক অবস্থার চিত্র উঠে এসেছে। কারাগারে নির্যাতনের শিকার হয়ে তার দুই পা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মাথায় পাওয়া আঘাতের যথাযথ চিকিৎসা না হওয়ায় তার কানে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা শরীরের ভারসাম্য নষ্ট করছে।

তারানেহর চাচাতো ভাই মাসুদ নুরমোহাম্মাদি জানান, জানুয়ারির বিক্ষোভে অংশ নেওয়ার পর তারানেহ ও তার যমজ বোন রোমিনাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে বোনের সামনেই ধর্ষণের ভীতি দেখিয়ে তারানেহর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ তোলেন।

ইরানবিষয়ক জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ মাই সাতোর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর জানুয়ারির আন্দোলনে সম্পৃক্ততার দায়ে ছয়জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর বাইরে ধর্ম অবমাননা, যুদ্ধসংশ্লিষ্ট অভিযোগ এবং গুপ্তচরবৃত্তির মামলায় আরও তিন নারী ফাঁসির ঝুঁকিতে রয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক রাহা বাহরেইনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ড দেওয়ার ভীতিকর প্রবণতা দিন দিন বাড়ছে। তার মতে, নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে গিয়ে ঠেকেছে।

তবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে। বিক্ষোভের ঘটনায় মৃত্যুদণ্ড বাড়ার তথ্যকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে দূতাবাস কারাগারে নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছে। তাদের দাবি, দণ্ডপ্রাপ্তরা হত্যা, অস্ত্র বহন, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত।

এদিকে জাতিসংঘের হিসাব বলছে, জানুয়ারির বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হরানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গত এক বছরে ইরানে মোট ২ হাজার ৩ জনের প্রাণদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ৪৭ জনই নারী। তথ্যসূত্র: বিবিসি

Ads