দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু এখনো তা শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো। তার চেতনা পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত করেছে।

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে না ওঠার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, দেশে বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে উঠতে পারেনি।

এসময় গণতন্ত্রের সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে তুলনামূলক কার্যকর বলে উল্লেখ করেন তিনি বলেন, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই এই ব্যবস্থা বাতিল করে।

তিনি বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম এবং গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এসব প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র বারবার সংকটের মুখে পড়বে।

উল্লেখ্য, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার আত্মত্যাগ তৎকালীন গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল।

Ads