মাগুরায় সামাজিক দলাদলি নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক নারী পুরুষ আহত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
মাগুরায় সামাজিক দলাদলি নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক নারী পুরুষ আহত

মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক, আহত হয়েছে। এর মধ্যে নারীসহ অন্তত ৩৫ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার ৫ ডিসেম্বর ভোর ৬টার দিকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। দফায় দফায় এই সংঘর্ষ চলতে থাকে। আহতদের মধ্যে ৩৫ জনকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দুপুর ১২ টার দিকে ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যত্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানা জানান, ‘কুচিয়ামোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আজহার আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সামাজিক আধিপত্যকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দুটি পক্ষের বিরোধ চলছিল। সাম্প্রতিক কিছু ঘটনার জের ধরে সকালে বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হয়।’

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মো. মামুন উর রশীদ বলেন, ‘গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে সকালে প্রায় ৩৫ জন আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তবে কারো শরীরে গুরুতর জখমের চিহ্ন নেই।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী জানান, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠান হয় বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও তদন্ত চলছে।

Ads