তানোরে খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
তানোরে খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

রাজশাহীর তানোরে মুন্ডুমালা তহসিল অফিসকে ম্যানেজ করে এক নম্বর খাস খতিয়ান ভুক্ত জায়গায় পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির ইলামদহী গ্রামে ঘটে রয়েছে বাড়ি নির্মাণের ঘটনাটি।

এঘটনায় ইলামদহী গ্রামের রাকিব উদ্দিন নামের এক ব্যক্তি বাদি হয়ে চলতি মাসের ০৬ জানুয়ারি বাড়ি নির্মাণ কারী রাজু ও তার ছেলে সুমনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগ দেয়া হলেও রহস্য জনক কারনে মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত হোসেন কোন ব্যবস্থা গ্রহণ করছেনা বলে দাবি করেন অভিযোগ কারী। এঘটনায় বাদি বিবাদীদের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার ইলামদহী গ্রামের রাজু এক নম্বর খাস খতিয়ান ভুক্ত জায়গার উপর বাড়ি নির্মাণের জন্য মাটি কাটা শুরু করলে ওই সময় অভিযোগ দেয় রাকিব। কিন্তু ভূমি কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার পর কোন ব্যবস্থা গ্রহণ বা বাড়ি নির্মাণ বন্ধ না করে উল্টো নির্মাণ কারী রাজুর সাথে কর্তৃপক্ষ আতাত করে নির্মাণ কাজ করেই চলেছেন তিনি ।

গত বৃহস্পতিবার সরেজমিনে মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত গিয়ে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে আগামী রবিবার কাগজপত্র নিয়ে অফিসে ডাকেন। কিন্তু নায়েব চলে আসার পর পুনরায় নির্মাণ কাজ শুরু করে রাজু।

রাজু জানান, এটা আমার পৈত্রিক জায়গা। ৬ শতাংশের মধ্যে চার শতাংশে বাড়ি নির্মাণ করা হচ্ছে। কোন খাস জায়গা নেই। রাকিব রাজমিস্ত্রীর কাজ করে। তাকে বাড়ি নির্মাণের কাজ দেয়া হয়নি একারনে অভিযোগ দিয়েছে। সরকারি সার্ভেয়ার এনে মাপজোক করে সরকারি জায়গা হলে বাড়ি নির্মাণ বন্ধ করে দিব।

অভিযোগ কারী রাকিব জানান, এক নম্বর খাস জায়গায় বাড়ি করছে। খাস জায়গা না হলে এবং মিথ্যা অভিযোগ করা হলে আমার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

তহসিলদার শাহাদাত হোসেন জানান, আগামী রবিবার কাগজপত্র নিয়ে অফিসে ডাকা হয়েছে এবং বাড়ি নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নায়েবকে বলা হয়েছে। খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের কোন সুযোগ নেই। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Ads