তানোরে দুই হেভিওয়েট প্রার্থীর বিরামহীন প্রচারণা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
তানোরে দুই হেভিওয়েট প্রার্থীর বিরামহীন প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম দিনের মত রাজশাহীর তানোরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রয়াত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বিরামহীন প্রচারণা চালিয়েছেন। কাকডাকা ভোর থেকে দুই হেভিওয়েট প্রার্থী উৎসব মুখোর পরিবেশে নিজনিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। নিজনিজ দলের নেতাকর্মীরা পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। যার চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার বিকেল থেকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ৯ ওয়ার্ডে নির্বাচনী সভা বা উঠান বৈঠক ও গণসংযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন। তিনি বিকেল সাড়ে তিনটার দিকে ইউপির ৫ নম্বর ওয়ার্ড কচুয়া বাজারে নির্বাচনী সভার মাধ্যমে প্রচারণা শুরু করেন। সেখান থেকে ৬ নম্বর ওয়ার্ড কামারগাঁ বাজার, ৪ নম্বর ওয়ার্ড শ্রীখন্ডা গ্রামে, ৩ নম্বর ওয়ার্ড পারিশো বাজার, ২ নম্বর ওয়ার্ড মাদারিপুর বাজারে, ১ নম্বর ওয়ার্ড মালশিরা গ্রামে, ৯ ওয়ার্ড ধানুরা গ্রামে ৮ নম্বর ওয়ার্ড হরিপুর গ্রামে ও ৭ নম্বর ওয়ার্ড হাতিশাইল গ্রামে নির্বাচনী সভা করবেন বলে নিশ্চিত করেন উপজেলা ছাত্র দলের আহবায়ক মাসুদ করিম।

তিনি জানান, সকাল থেকে কামারগাঁ ইউপির ৯ ওয়ার্ডে ২২ টি উঠান বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু গোদাগাড়ী ইউপির বিএনপির সভাপতি সড়ক দূর্ঘটনায় মারা যান। তার জানাজার নামাজে অংশ করেন প্রার্থী ও গভীর শোক প্রকাশ করেন।

মুলত একারণে বিকেল থেকে নির্বাচনী উঠান বৈঠক শুরু হয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোজাম, সিনিয়র নেতা খলিলুর রহমান, সাবেক ছাত্র নেতা সুলতান আহম্মেদ, আব্দুল মালেক মন্ডল,জাকির হোসেন জুয়েল ডায়মন্ড, জারদিস, মতিউর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।

এদিকে কাকডাকা ভোর থেকে জামায়াত মনোনীত প্রার্থী নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান উপজেলার চান্দুড়িয়া ইউপিতে প্রচারণা শুরু করেন। তিনি চান্দুড়িয়া বাজার, রাতৈল, কাঠালপাড়া, হাড়দহ, গাগরন্দ সহ ইউপির ৯ ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগ করেন। বিকেলের দিকে সরনজাই ইউপির সরনজাই স্কুল মাঠে ইউপি জামায়াতের আয়োজনে ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি কাজী আফজাল হোসেন এবং ইউপি সভাপতি মেম্বার রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপি জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য জীবি সভাপতি প্যানেল চেয়ারম্যান সইবুর রহমান এবং কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা আদর্শ শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী প্রমুখ। সমাবেশ শেষ করে প্রার্থী ইউপির সরকার পাড়া বাজার, নবনবী তাঁতিহাটি, সিধাইড় ও শুকদেবপুর সহ ইউপির বিভিন্ন গ্রামে গণসংযোগ করবেন বলে জানা গেছে।

Ads