নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের তামিম নিহাল (১৮) ও নাটোরের লালপুর উপজেলা সদরের মিজানুর রহমান লেমন (১৮)। লেমন নন্দীগ্রাম তার মামার বাড়িতে বসবাস করতেন।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দলগাছা-নামুইট এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল যোগে তারা সিমলা বাজার থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছিলে পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পিতার নাম এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Ads