জামায়াতকে ভোট দিলে আমরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো – মির্জা ফখরুল

আবু সাঈদ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
জামায়াতকে ভোট দিলে আমরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো – মির্জা ফখরুল

জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে আমরা আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ ফেব্রুয়ারু) বিকেলে ঠাকুরগাঁও সদর আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জামায়াতকে ভোট দিলে আমরা তো আমাদের ইমানকে নষ্ট করে ফেলবো। তাই আমি অনুরোধ করবো- কোন বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য, চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন আমরা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন করি বন্ধুগণ। শান্তিতে নিয়ে আসি এবং শান্তির বাংলাদেশ গড়ি।

জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলতে শুরু করেছে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলতে হয় তাইনা? এটা কি ঠিক, একটা মার্কাকে ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?

তিনি বলেন, আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপরে বলেছেন – জামায়াতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ। আর জামায়াতে সঙ্গে ছিল- চরমোনাই পীর সাহেব উনি বলেছেন – জামায়াতে ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদি

মির্জা ফখরুল বলেন, আমার ঠাকুরগাঁও এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে – কৃষি ছাড়া আয়ের আর কোন উৎস নেই। এই কৃষিটা কৃষকেরা ঠিকমতো করতে পারে সেজন্য সার, পানি এসবের ব্যবস্থা আমরা করবো।

এসময় সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটে নির্বাচিত হলে সবার আগে আমি মা-বোনদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবো। আমি আমার সনাতনী ভাই-বোনদের ভাই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা করা হবে। এছাড়াও বেকার সমস্যা দূর করা হবে।

এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Ads