জয়পুরহাটে দুপুর ২ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ

জয়পুরহাট প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
জয়পুরহাটে দুপুর ২ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দু’টি আসনের ২৫৫ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে।

পুরুষের পাশাপাশি নারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করছেন।

জয়পুরহাটে দু’টি সংসদীয় আসনে বিএনপি-জামাত, বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( মার্কসবাদী ) এবি পার্টি ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৫ জন ও জয়পুরহাট-২ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই দু’টি আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৫৬ শতাংশ এবং জয়পুরহাট-২ আসনে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজশাহী বিভাগের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ ভোট কাস্টিং হয়েছে জয়পুরহাটে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে (জয়পুরহাট-১ জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তারা মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীতে ২ প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে। এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোট ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জয়পুরহাট জেলার ২টি নির্বাচনী আসনে মোট ২৫৫ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০০টি এবং ১৫৫ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমরা আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।’

Ads