তানোরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
তানোরে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

ভোর সাড়ে পাঁচটার দিকে যাচ্ছিলাম গোল্লাপাড়া বাজারে, থানা মোড় সংলগ্ন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের বাহিরে অনেক মহিলার সমাগম। মনে হল ভোট কেন্দ্রের দায়িত্ব আছেন এজন্য হয়তো সকাল সকালে এসেছেন। কিন্তু আসলে সেটা না তারা সবাই ভোট দেয়ার জন্য খুব সকালের দিকে এসেছেন কেন্দ্রে এসব বলছিলেন তানোর পৌর সদর ৪ নম্বর ওয়ার্ডের ভোটার সাইফুল।

দুপুরের দিকে থানা মোড়ে প্রাথমিক স্কুল গেটের সামনে বিলাশের দোকানে চা খাওয়ার সময় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিগত ২০০৮ সালে এরকম ভোট দেখা গিয়েছিল।

বিগত ২০১৪,২০১৮ ও ২০২৪ সালে ভোট তেমন ভাবে বোঝা যায়নি। কেন্দ্রের বাহিরে ছিলনা ভোটারদের তেমন উপস্থিতি। কিন্তু এনির্বাচনের চিত্র একেবারেই আলাদা। তবে নারী ভোটাদের সকাল থেকে উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

ডলার নামের পৌর সদরে আরেক ভোটার জানান, পাইলট স্কুলে কেন্দ্র। সকাল ৯ টার দিকে লাইনে দাঁড়িয়ে ঘন্টা খানেক লাগে ভোট দিতে। দীর্ঘ দিন পর এমন লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম।

উপজেলার সীমান্ত বর্তি এলাকা কামারগাঁ ইউপির ১ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের ভোটার চা দোকানী শামিউল জানান, এত সুন্দর শান্তিপূর্ন পরিবেশে ভোট দেখিনি। অনেকে নানা ধরনের কথা বলছিল। কেন্দ্র দখল হবে, মারপিট হবে নানা কথাবার্তা ছিল। কিন্তু সকাল থেকে ভোটারেরা উৎসব করে ভোট কেন্দ্রে যান এবং লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

সরেজমিনে, তানোর পৌর সদর মডেল পাইলট স্কুল, বালিকা স্কুল ও একে সরকার সরকারি কলেজে, মোহর স্কুল, চাপড়া স্কুল, তালন্দ স্কুল, মুন্ডুমালা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, সাতপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়, চুনিয়া পাড়া প্রাথমিক ও হাজী একতার আলী স্কুল, আকচা উচ্চ বিদ্যালয়, সরনজাই সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়, সরনজাই উচ্চ বিদ্যালয়, তালন্দ এএম উচ্চ বিদ্যালয়, সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। কেন্দ্রের বাহিরে নিয়োম মেনে অনেকে দোকান দিয়েছেন সে সব দোকানে ভোটার ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। কেন্দ্রের বাহিরে উৎসুক ভোটারদের প্রচুর উপস্থিতি।

দুপুরের আগে ভোট কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আফিয়া আখতার।

জানা গেছে, উপজেলায় ৬১ টি কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। কেন্দ্রের ভিতরে কোন ধরনের হট্টগোল বা অপ্রীতিকর ঘটনা ঘটে নি। রাস্তা ঘাট ফাঁকা। কোন ধরনের যান চলাচল নেই। নিয়োমিত ভাবে যৌথবাহিনির নিয়োমিত টহল চলমান রয়েছে। ৬১ কেন্দ্রের মধ্যে ৩১ টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়।

সকালে সাতপুকুরিয়া কেন্দ্র পরিদর্শন শেষে কথা হয় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের সাথে, তিনি জানান, দীর্ঘ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এজন্য সকাল থেকে ভোটারেরা কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গ্রহণ শেষে মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাহিরে কথা হয় ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের সাথে তিনি জানান, খুবই উৎসাহ মুখর পরিবেশে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরকম উৎসব মুখর পরিবেশে দীর্ঘ সময় পর ভোট হচ্ছে। আশা করছি বিজয় ধানের শীষের হবে।

সকাল সাড়ে ৭ টা থেকে টানা সাড়ে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। এখন চলছে গণনা। ভোট গ্রহণের সময় কেন্দ্রের বাহিরে লোকজনের সমাগম থাকলেও। গণনা শুরুর পর থেকে কেন্দ্রের আশপাশে কাউকে রাখেননি আইন শৃঙ্খলা বাহিনী।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাঈমা খান জানান, উৎসব মুখর পরিবেশে ভোটেরেরা ভোট দিয়েছেন। কোন কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। এখন ভোট গণনা শুরু চলছে। এউপজেলায় ৮০% ভোট পড়েছে।

Ads