ফলাফলে এগিয়ে বিএনপি, তারেক রহমান-শফিকুর রহমান-নাহিদ ইসলাম জয়ী

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
ফলাফলে এগিয়ে বিএনপি, তারেক রহমান-শফিকুর রহমান-নাহিদ ইসলাম জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট গণনা চলছে। ইতোমধ্যে বেসরকারিভাবে কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ৫ মিনিট পর্যন্ত ১০১টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৭৮টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট, ২২টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।

সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।

ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।

Ads