নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশিনগন গ্রামে গলায় ফাঁস দিয়ে আলহাজ্ব নবাব আলী (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টা থেকে রবিবার (১৫ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে তার নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত মিরজান আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে খাবার পর পরিবার সবাই ঘুমিয়ে পড়েন। এরপর ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে তার পুত্রবধূ চুলার পাড়ে বাঁশের রোয়ার সঙ্গে দাড়ি দিয়ে শ্বশুরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, নবাব আলী পাঁচ সন্তানের জনক। তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী।

এ বিষয়ে জানতে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

Ads