পার্বতীপুরে আওয়ামীলীগ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক -৫

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
পার্বতীপুরে আওয়ামীলীগ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক -৫

রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সৈয়দপুরের পার্শ্ববর্তী পার্বতীপুর মডেল থানা পুলিশ।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক তৎপরতা চালানোর সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আকতার হোসেন (৭০), সাবেক সভাপতি ডা. সাজ্জাদ হোসেন (৫৫), আওয়ামী নেতা গৌরাঙ্গ সরকার (৫৭), মো. বাবলু (৫৩) ও তোজাম্মেল হক।

জানা গেছে, বেলা ১১ টার দিকে আওয়ামী লীগের ১৫/২০ জন নেতাকর্মী শহরের নতুন বাজারে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমবেত হয়। এসময় তারা দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ ও ডা. সাজ্জাদের নেতৃত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এ লড়াই স্বাধীনতার, এ লড়াইয়ে জিততে হবে সহ নানা স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার দিকে পার্বতীপুর মডেল থানা থেকে একদল পুলিশ গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের তৃতীয় তলা থেকে ওই ৫ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পরে দায়ের করা একটি মামলায় (মামলা নং-১২, তাং-২৮/০৮/২০২৪) গ্রেপ্তার দেখিয়ে তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Ads