নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপনে চেষ্টা করছি – বিদ্যুৎ মন্ত্রী

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপনে চেষ্টা করছি – বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রনালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল করা।

এটি যদিও ডিফিকাল্ড, কিন্তু আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপনে চেষ্টা করছি। এটি টেকনিক্যাল জিনিস দু-একটা ফল্টের কারনে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভাল থাকবে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর শুক্রবার দুপুরে প্রথম সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ নিজ বাসভবনে পৌছে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিদ্যুৎ খাতে বিগত সময়ে রেখে যাওয়া বকেয়া এবং বর্তমানে যে পরিমান জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে আমার জন্য কঠিন একটা অগ্নিপরিক্ষা। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগনকে সুফল দেওয়া যায়।

দুই দিনের সরকারি সফরে নিজ বাসভবনে পৌছার পর জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মন্ত্রীকে ফুলে দিয়ে বরণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। গণমাধ্যমের সাথে কথা বলার পর মন্ত্রী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

এরপর শিয়ালকোলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের করব জিয়ারত করেন মন্ত্রী। সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে বিদ্যুৎমন্ত্রী ইফতার করবেন বলে জানা গেছে।

Ads