ঝিনাইদহে প্রচুর আমের মুকুল, বাম্পার ফলনের আশা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
ঝিনাইদহে প্রচুর আমের মুকুল, বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে চলতি মৌসুমে আম গাছে ব্যাপক হারে মুকুল দেখা গেছে। জেলার সদর, হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর এলাকায়-আম বাগানজুড়ে এখন মুকুলের সমারোহ। এতে করে চলতি বছর বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে এ বছর আম গাছে মুকুলের পরিমাণ তুলনামূলক বেশি।

শীতের শেষভাগে কুয়াশা ও রোগবালাই কম থাকায় মুকুল ভালোভাবে এসেছে। তবে হঠাৎ ঝড়-বৃষ্টি বা অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। আমচাষিরা জানান, গাছে প্রচুর মুকুল আসায় তারা নিয়মিত পরিচর্যা, সেচ ও স্প্রে প্রয়োগ করছেন।

বাজারদর অনুকূলে থাকলে এ বছর ভালো লাভের প্রত্যাশা করছেন তারা। প্রায় ৪/৫ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রাকৃতিক দুর্গোগের কবলে না পড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশ ও দেশের বাইরেও আম রপ্তানী করা সম্ভব বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীগণ।

Ads