কালিয়াকৈরে গাড়ির চাপায় পথচারী নিহত, ৯৯৯-এ ফোনে লাশ উদ্ধার

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে গাড়ির চাপায় পথচারী নিহত, ৯৯৯-এ ফোনে লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পারাপারের সময় গাড়ির চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার র্বোডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ ফোনে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী পথচারী শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন।

এসময় ঢাকাগামী দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে দীর্ঘ সময় মহাসড়কের ওপর ওই লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেয় এলাকাবাসী।

৯৯৯-এ ফোনে খবর পেয়ে সকাল ৯টার দিকে নিহতের লাশ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

তবে তার আনুমাানিক বয়স ৩৬ থেকে ৩৮ বছর। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত উল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক গাড়ি অজ্ঞাত থাকায় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ads