পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে রিংকি (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছ পুলিশ। নিহত রিংকি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সেনবাগ গ্রামের মৃত জাহাঙ্গীরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আমছের আলীর ছেলে প্রবাসী আলিম ইসলামের সাথে মোবাইল ফোনের মাধ্যমে রিংকির পরিচয় হয়।

তাদের মোবাইলের মাধ্যমে সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা অনলাইনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর প্রায় আট মাস ধরে রিংকি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তবে অনলাইনে বিয়ের পর থেকে স্বামী আলিম ইসলাম দুই বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করায় তাদের সরাসরি দেখা হয়নি। দাম্পত্য সম্পর্ক মূলত মোবাইল ফোনের যোগাযোগেই সীমাবদ্ধ ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ মার্চ) ঘরের ভেতর থেকে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিংকির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে দাবি করেন প্রতিবেশীরা। সকালে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মৃত্যুর আগের রাতে প্রবাসী স্বামীর সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়। কথোপকথনের এক পর্যায়ে রিংকি আত্মহত্যার ইঙ্গিত দিলে আলিম উদ্বিগ্ন হয়ে স্থানীয় এক প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। তবে এরপরও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়নি।

স্বজন ও প্রতিবেশীরা বলেন, শ্বশুরবাড়িতে রিংকি স্বাভাবিকভাবেই ছিলেন এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কেও দৃশ্যমান কোনো বিরোধ ছিল না। তবে সাম্প্রতিক সময়ে স্বামীকে নিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন বলে অনেকে ধারণা করছেন। এই মৃত্যুর পেছনে পারিবারিক, মানসিক নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। নিহত রিংকির পরিবারের অভিযোগ পত্র ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ads