সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

তেল পাম্পের কর্মচারীদের নির্যাতনে এক যুবকের মৃত্যু, বাসে আগুন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
তেল পাম্পের কর্মচারীদের নির্যাতনে এক যুবকের মৃত্যু, বাসে আগুন

ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের নির্যাতনে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে দুর্বৃত্তরা তিনটি বাসে আগুন দিয়েছে। ঘটনার প্রতিবাদে রোববার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক অবরোধ করে বাস শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশের্^ দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন বাস শ্রমিকরা। জানা গেছে, শনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের সঙ্গে এক যুবকের বাগ্বিত-া হয়।

একপর্যায়ে কর্মচারীদের পিটুনিতে নীরব হোসেন নামে ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার জেরে রাতে শহরের আরাপপুর এলাকায় একটি তেল পাম্প ভাঙচুর করা হয়।

এরপর রাত প্রায় ১টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Ads