ফকিরহাটে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

ফটিক ব্যানার্জি, ফকিরহাট প্রতিনিধি (বাগেরহাট)ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
ফকিরহাটে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

বাগেরহাটের ফকিরহাটে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের শেখেরডাঙ্গা এলাকায় কৃষক জাহাঙ্গীর হোসেনের এক একর জমিতে হাইসান–৩৩ জাতের সূর্যমুখী চাষের সফলতা প্রদর্শনে মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ এবং তেল ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার শেখ ফরিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা শাখাওয়াত হোসেন, রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

মাঠ দিবসে স্থানীয় কৃষকদের সূর্যমুখী চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং তেলজাতীয় ফসল চাষের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখীসহ অন্যান্য তেলজাতীয় ফসলের আবাদ বাড়ানো জরুরি। এ ধরনের মাঠ দিবস কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে।

এ সময় এলাকার বিপুলসংখ্যক কৃষক উপস্থিত থেকে সূর্যমুখী চাষের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন।#

 

Ads