লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ : আহত-৫

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
লালমোহনে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ : আহত-৫

ভোলার লালমোহনে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছে। আহত হয় স্পীড বোটের অপর ৫ মৎস্য অভিযান টিমের সদস্য। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বুধবার রাত ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মোঃ ফখরুল।

জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটঘামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌছে। একই সময় মঙ্গলসিকদার ঘাটে মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের ৩ সদস্য ও ৩জন কনস্টেবল স্পীড বোটে করে অভিযান টিমের জন্য রওয়ানা হচ্ছিল।

ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের ৩জন কনস্টেবল ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় লঞ্চের পেছনের প্রফেলারের ধাক্কায় স্পীড বোট উল্টে যায় ।

স্পিডবোটটি ডুবে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ সদস্য মো. ফখরুল আলম লাবলু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

স্পিডবোট ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্য ফখরুল ইসলামকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ২০ জন ডুবুরি একযোগে কাজ করছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম উদ্ধারকাজের সার্বিক তদারকি করছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই স্থানীয় পুলিশ নদীতে অভিযান শুরু করেছিল। আজ সকাল থেকে বিশেষায়িত তিন সংস্থার ডুবুরি দল এসে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

তিনি বলেন, নিখোঁজ পুলিশ সদস্যকে জীবিত অথবা মৃত- যেভাবেই হোক উদ্ধার না করা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ডুবুরিরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উদ্ধার অভিযানকে কেন্দ্র করে মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় নিখোঁজ ফখরুলের স্বজন ও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা।

Ads