পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান, র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালিয়ে সুজন মহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক সুজন উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার চিন মহন্তের ছেলে।

এ সময় তার কাছ থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি। মূর্তিটির বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা।

র‍্যাব-১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তিনি মূর্তিটি অবৈধভাবে সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করছিল।

দেবীগঞ্জ থানার (ওসি, তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, বুধবার রাতে র‍্যাব-১৩ মূর্তিসহ আসামিকে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করে আসামিকে বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Ads