১০ মাস বয়সী সন্তানের জন্য আখি মনি বাঁচতে চায়

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
১০ মাস বয়সী সন্তানের জন্য আখি মনি বাঁচতে চায়

কুড়িগ্রামের উলিপুরে হার্টের সমস্যায় আক্রান্ত আখি মনি তার ১০ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে বিত্তবানদের সহযোগীতায় বাঁচতে চায়। বর্তমানে সে ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় প্রায় দেড় মাস ধরে অবস্থান করছে।

চিকিৎসকরা তার হার্টের অপারেশন দ্রুত করার জন্য পরামর্শ দিলেও চিকিৎসা ব্যায় প্রায় ৬ লক্ষ টাকা যোগাড় করার কোন সামর্থ আখি মনির কিংবা তার পরিবারের নেই। জন্মের পর থেকেই হার্টের ছিদ্র সমস্যায় ভুগছিল আখি মনি। এরপর বিয়ে এবং সন্তানের জন্ম দিয়ে তার হার্ট ও ভাল্বের সমস্যা আরও খারাপ দিকে মোড় নেয়।

অসুস্থ্য মেয়েকে প্রথমে কুড়িগ্রামে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর কিছুটা সুস্থ্য হলে চিকিৎসকদের পরামর্শেই তাকে গত দেড় মাস পূর্বে ঢাকার গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হার্ট সেন্টারে ভর্তি করায় তার বাবা। মাত্র ৬ লাখ টাকা চিকিৎসার অর্থ সংগ্রহ করতে না পেরে দরিদ্র পরিবারের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে স্থানীয় পরিবেশ। অসুস্থ্য আখি মনির ১০ মাস বয়সী শিশু সন্তান মায়ের বুকের দুধ ঠিকমতো না পাওয়ায় সেও যেন ঝুঁকির মধ্যে রয়েছে।

সন্তান ও নাতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় পরিবারটির। সরজমিনে জানা যায়, উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ জামির বাড়ি আদর্শপাড়া গ্রামের দিনমজুর পরিবার রাজু মিয়া ও আমেনা বেগমের ৩য় সন্তান আখি মনি (১৮)। প্রায় আড়াই বছর পূর্বে পাশর্^বর্তী কাশিমবাজার এলাকার দর্জি সুজন মিয়ার সাথে বিয়ে হয় আখি মনির।

বাল্যবিয়ের শিকার আখি মনি জন্মের পর থেকেই হার্টের ছিদ্র সমস্যায় ভুগছিল। গত দেড় মাস পূর্বে অপারেশনের পরামর্শ দেয়া হলেও টাকার অভাবে আখি মনির চিকিৎসা আটকে আছে। প্রতিবেশীরা জানায়, দিন যত যাচ্ছে শিশুটি মায়ের বুকের দুধ তত পাচ্ছে না।

আমরা যতটুকু পেরেছি সহায়তা করেছি। এখন তার চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন যা গ্রামবাসীর পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। এখন বিত্তবানরাই পারে আখি মনিসহ তার শিশু সন্তানের মুখে হাসি ফোটাতে।

আখি মনি জানায়, আমার বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই। আমি সম্পূর্ণভাবে সুস্থ্য হতে চাই। আমার বাবার সামর্থ নাই আমার চিকিৎসা করার। স্বামীরও আর্থিক সামর্থ নাই। সামর্থবান মানুষ যদি একটু সাহায্য করে তাহলে আমি বাচ্চাটার জন্য বাঁচতে পারবো।

আখি মনির মা আমেনা বেগম জানায়, আমার মেয়েটা খুবই অসুস্থ্য। মূখে খেতে পারছে না। ঠিকমতো নি:শ^াস নিতে পারে না। প্রচন্ড বুকের ব্যাথায় যখন কুকড়ে যায়, তখন মেয়ের দিকে তাকাতে আমার আত্মা ফেঁটে যায়। আমাদের কোন সামর্থ নাই যে মেয়ের চিকিৎসা করাবো। যা টাকা ছিল সব শেষ। আখি মনির পিতা রাজু মিয়া বলেন, ইতিমধ্যে বাড়ি ভিটার দুই শতক জমি বিক্রি করে চিকিৎসা করতেই টাকা শেষ হয়ে গেছে।

দিনমজুর মানুষ, অপারেশন করার টাকা পাচ্ছি না ছোট্ট বাচ্চাটার ভবিষ্যতের জন্য আমার মেয়েটার সুস্থ্য হওয়া দরকার। কিন্তু এত টাকা কোথায় পাবো। আপনারা যদি সবাই মিলে সাহায্য করেন, তাহলে মেয়ে ও তার বাচ্চাকে বাঁচাতে পারবো। আখি মণির চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন তার বাবার ব্যক্তিগত এই নম্বরে ০১৮৭১০৩৮৪৩৫।

 

 

Ads