দিনাজপুরের নবাবগঞ্জের ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ৩ জনের কারাদণ্ড

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
দিনাজপুরের নবাবগঞ্জের ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ৩ জনের কারাদণ্ড

দিনাজপুরে জেলার নবাবগঞ্জে গোপনে ৬ টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন।

গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দিনাজপুরের নবাগঞ্জ উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তাঁদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল্লাহ, রুবেল, রবিউল তাঁদের বাড়ি নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্য প্রস্তুত করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন। আসলে আমরা বাজার থেকে যে মাংস কিনছি সেটি যে প্রকৃত কিসের মাংস সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারছিনা। প্রশাসনকে এবিষয়ে নজরদাড়ি আরো বাড়ানোর দাবী জানান স্থানীয়রা।

Ads