বোদায় নিখোঁজের ৬ ঘন্টার পর করতোয়ায় নদীতে মিলল ১ কিশোরের লাশ

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
বোদায় নিখোঁজের ৬ ঘন্টার পর করতোয়ায় নদীতে মিলল ১ কিশোরের লাশ

পঞ্চগড়ের বোদায় নিখোঁজের ৬ ঘন্টার পর করতোয়া নদীর আউলিয়ার ঘাটে সজিব (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাট সংলগ্ন (ওয়াই সেতু) এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৪ বন্ধু মিলে করতোয়া নদীর আউলিয়ার ঘাটে গোসল করতে নেমেছিল। গোসল শেষে ৩ বন্ধু উঠতে পারলেও ১ বন্ধু সজিব নিখোঁজ হয়। সজিব সাতাঁর না জানায় নদী থেকে উঠতে পারেনি। করতোয়া নদীর স্রোতে গভীরে চলে সে নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজে নেমেছিলেন। ঘটনাটি জানা জানি হলে করতোয়া নদীর দুই তীরে শত শত উৎসুক জনতা ভীড় করে। দীঘ ৬ ঘন্টার পর নিখোঁজ কিশোরকে বিকেল ৬ ঘটিকায় নদী হতে মৃত অবস্থায় উদ্ধার করেন রংপুর ফায়ার সাভিসের ডুবুরি দল।

মাড়েয়া বামনহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিম শামীম জানান, মৃত সজিব বড়শশী ইউনিয়নের বদেশ্বরী নিশান ডোবা গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে ঢাকা একটি বেসরকারি কোম্পানীতে চাকুরী করত। সে গত এক সপ্তাহ আগে ঢাকা হতে বাড়ি এসেছিল। ঘটনার দিন রাতে তার ঢাকা ফেরার কথা ছিল।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, করতোয়া নদীতে গোসলে নেমে ওই কিশোর নিখোঁজ হয়েছে। নদীতে স্রোত ও পানির গভীরতা বেশি থাকায় ওই কিশোর পানিতে তলিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধার করে। নিখোঁজ হওয়া ওই কিশোর সাঁতার জানত না বলে তিনি জানান। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে উদ্ধার হওয়া মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় এবং ইউডি মামলা হয়েছে।

Ads