রক্ষকই ভক্ষক, কর্মচারীরাই চুরি করছে গাছ, উজাড় চরকাই বনগবেষণা কেন্দ্রের বাগান

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
রক্ষকই ভক্ষক, কর্মচারীরাই চুরি করছে গাছ, উজাড় চরকাই বনগবেষণা কেন্দ্রের বাগান

উত্তরাঞ্চলের একমাত্র চরকাই বন গবেষণা কেন্দ্রে চলছে গাছ চুরির মহোৎসব। এলাকাবাসী ও সংশ্লিষ্টদের অভিযোগ, গবেষণা কেন্দ্রের ফিল্ড এসিসটেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে কাটা হচ্ছে গাছ। প্রতিনিয়ত গাছ চুরির ফলে উজার হয়ে যাচ্ছে গবেষণা কেন্দ্রের ১৯২ একর বনের গাছ।

অভিযোগ সূত্রে জানা যায়, ফিল্ড এসিসট্যান্ট সাইফুল ইসলাম গত ২১ এপ্রিল গাছ চুরি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী কিছু গাছ জব্দ করে। সাইফুল ইসলাম গণমাধ্যম কর্মীর কাছে গাছ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ২০২৪ এর ৫ আগষ্টের পর থেকেই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চক্র বনের গাছ কেটে বন উজাড়া করতে থাকে। এ বিষয়ে স্টেশন কর্মকর্তাকে বারবার অবহিত করা হলেও তিনি সাইফুল ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেননি। ফলে সাইফুল ইসলাম আরো বেপরোয়া হয়ে ওঠে। এভাবে গত প্রায় দুই বছরে প্রায় ১০০ একরের বাগানের গাছ কেটে চুরি করে বন উজাড় করেছে।

গ্রামবাসী আরো অভিযোগ করে বলেন, গাছ চুরি রোধে তারা সহযোগিতার আশ্বাস দিলেও কর্মকর্তারা তাদের সহযোগিতা না নিয়ে উল্টো চোরদের সাথে সখ্যতা বজায় রেখে চলে। শুধু তাই নয় এ সব ব্যাপারে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয় এবং মামলা দেয়ার হুমকী দেয়া হয়। উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশন থাকলেও গাছ চুরির পর গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা থানায় কোন মামলা দেন না। অনুসন্ধানে জানা গেছে, গাছ চুরির সঙ্গে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের যোগশোজ থাকায় তারা মামলা দেন না।

চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি গাছ জব্দ করা হয়েছে। তবে চরকাই বন গবেষণা কেন্দ্রের কেউ বাদী হয়ে মামলা দেয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চরকাই বন গবেষণা কেন্দ্রের স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সাইফুল ইসলামের গাছ চুরির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ সাইফুল ইসলাম কে শোকজ করতে বলছে।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনিসুর রহমান মুঠোফোনে জানান, ফিল্ড এসিসট্যান্ড সাইফুল ইসলামের গাছ চুরির বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Ads