সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
সৈয়দপুরে প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে দুস্থ ও নিম্ন আয়ের প্রসূতি মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে ‘পুষ্টি সহায়তা কর্মসূচি’র আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে এসব খাদ্য তুলে দেয় বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আরএমও ডা. মো. জাবেদ ইউসুফ এবংপ্র্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সজিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের অপারেশন ম্যানেজার মো. মাহফুজ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করা একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গর্ভকালীন সময় থেকে সঠিক পুষ্টি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে মাতৃ ও শিশু মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব। ওব্যাট হেল্পার্স যেভাবে সুবিধাবঞ্চিত মায়েদের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

এদিন মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে প্রত্যেককে ১ কেজি মসুর ডাল, ৫০০ মিলিলিটার দুধ এবং এক খাঁচা (৩০টি) ডিম প্রদান করা হয়।

ওব্যাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার কাউসার পারভীন, একাউন্টেন্ট রহিমা আক্তার, ওব্যাট হাই স্কুল ইনচার্জ মো. মনজুর আলম এবং মেটারনিটি ইনচার্জ মোছাম্মৎ শবনম পারভীনসহ অন্যান্যরা।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে প্রধান অতিথি ওব্যাট আইটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে আইটি সেন্টারের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন মোঃ জহুরুল ইসলাম খোকন

Ads