৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পঞ্চগড়ের বোদায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় জনগণ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ৫ ঘন্টা পর বোদা থানা পুলিশ ওই শিক্ষককে আটক করে।

গতকাল রবিবার (২৬ এপ্রিল) সকালে বোদা উপজেলার ৩নং বেংহারী বনগ্রাম ইউনিয়নের বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলের দোতলায় পড়ার কথা বলে নিয়ে যান।

সেখানেই শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। পরে শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে গিয়ে বিষয়টি জানায়। শিশুটির মা তার স্বামীকে বিষয়টি জানালে ছাত্রীর বাবা-মা ও স্থানীয়রা স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার শাস্তির দাবিতে স্লোগান দেয়।

এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত জনতা বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষককে শ্রেণী কক্ষে অবরুদ্ধ করে রাখে, সেই সাথে তারা দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী ছাত্রীর বাবা হাসান ইসলাম অভিযোগ করে বলেন, আমার বড় মেয়ে তার ছোট বোনকে স্কুলে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে দোতলায় ডেকে নিয়ে কৌশলে গায়ে হাত দেন। আমি এই শিক্ষককের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা লাল মিয়া জানান, এই শিক্ষকের বিরুদ্ধে আগে কয়েকবার এরকম অভিযোগ উঠেছিল। আগে তার বিরুদ্ধে কোন বিচার না হওয়ায় তিনি বার বার এ রকম খারাপ কাজ করার সুযোগ পেয়েছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানার ওসি মো. সোয়েল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, বেংহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলীসহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়রা প্রধান শিক্ষকের বিরুদ্ধে পূর্বের একাধিক শ্লীলতাহানির অভিযোগ তুলে তার শাস্তির দাবি জানান। উপজেলা নির্বাহী অফিসার তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রধান শিক্ষককে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের কক্ষে আটকের খবর পেয়ে তিনি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বোদা থানায় হস্তান্তর করেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বোদা থানার ওসি সোয়েল রানা জানান, ছাত্রী ও তার বাবা-মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads