সিরাজগঞ্জের লুন্ঠিত চাল উদ্ধার গাজীপুরে,আটক-২

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জের লুন্ঠিত চাল উদ্ধার গাজীপুরে,আটক-২

সিরাজগঞ্জের লুন্ঠিত ৫৭৯ বস্তা কাটারিভোগ চাল ট্রাকসহ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতার কেন্দ্র (কেএনবি) বাজার ও কালিয়াকৈর বাজারের ৫টি গোডাউন থেকে উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ। এ ঘটনায় লিটন সরকার ও সুমন সরকার নামে দুজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারিভোগ চাল নিয়ে একটি ট্রাক ঢাকা মেট্রো ট-১২-৫০৫৮) রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন চালক ও তার সহযোগী। যাওয়ার পথে গত সোমবার রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে চাল ভর্তি ওই ট্রাকের গতি রোধ করে ছিনতাইকারীরা।

তারা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের চালক ও তার সহযোগীর হাত-পা-মুখ বেঁধে সড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রাখে। পরে ছিনতাইকারীরা চালভর্তি ট্রাকটি লুট করে চলে যায়। বিষয়টি জানতে পেরে ওই চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় একটি অভিযোগ করেন। পরে শিমলা থানার পুলিশের তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায় কালিয়াকৈর থানার পুলিশ।

অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বেতার কেন্দ্র (কেএনবি) বাজার থেকে ট্রাকটি উদ্ধার করে। পরে উপজেলার কালিয়াকৈর বাজারে লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা ও মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ ৫৭৯ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকারকে (৪৬) আটক করেছে।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে ওই লুন্ঠিত চাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ads