উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন

সহিদুল আলম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের মিলনস্থলে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন রোধে তীরে মানববন্ধন করেছে এলাকার মানুষজন।

উপজেলার জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন রোধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ঐ এলাকার শিক্ষক শিক্ষার্থীসহ শত শত নারী ও পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া শ্রতাধিক শিশু শিক্ষার্থীর চোখেমুখে ভয়, অনিশ্চয়তা আর প্রিয় স্কুল হারানোর বেদনা ফুটে ওঠে। নদীর পাড়ে দাঁড়িয়ে বৃদ্ধা আছিয়া বেগম কাঁপা কণ্ঠে বলেন, এই ভিটাটুকুই আমাদের সব। নদী যদি নিয়ে যায়, আমরা কোথায় যাব? একই সুরে আকলিমা, কবিজন নেছা ও বৃদ্ধ শাহাবুরের কণ্ঠেও ছিল ভিটে রক্ষার আকুতি।

মানববন্ধনে অংশ নেয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার বলেন, আমাদের স্কুলটা যদি নদীতে চলে যায়, আমরা কোথায় পড়ব? আমার বন্ধুরা কি সবাই আলাদা হয়ে যাবে? পাশে দাঁড়ানো তার সহপাঠী রাব্বি উচ্চ স্বরে বলেন, আমরা শুধু স্কুলটা বাঁচাতে চাই।

স্থানীয়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদও সেখানে ওই মানববন্ধনে যুক্ত হয়। সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ রিন্টু, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,  মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি এবং সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ফজলুল করিম ফারাজি প্রমূখ ।

এদিকে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার ১৬টি নদ-নদীর মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। তিনি বলেন, দ্রুত এক লাখ বালুভর্তি জিও ব্যাগের টেন্ডার আহ্বান করা হবে। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হবে।

 

Ads