হোমনায় কৃষির আধুনিকায়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রতিনিধি (কুমিল্লা)ঃ
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
হোমনায় কৃষির আধুনিকায়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কুমিল্লার হোমনায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার বিএডিসি বীজ আলু হিমাগার মিলনায়তনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন হোমনা উপজেলা কৃষি অফিসার মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে স্থানীয় ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে সরকার ‘পার্টনার’ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, উচ্চমূল্যের ফসল চাষ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় কৃষকদের নানাবিধ সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Ads