কুষ্টিয়া হাসপাতাল মোড়ে নাকাল জনজীবন, ভোগান্তিতে পথচারী ও রোগী

মিরাজুল ইসলাম, ভ্রাম্মমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
কুষ্টিয়া হাসপাতাল মোড়ে নাকাল জনজীবন, ভোগান্তিতে পথচারী ও রোগী

কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা হাসপাতাল মোড়ে তীব্র যানজট ও বিশৃঙ্খলার কারণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এ মোড়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল মোড়টি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল হওয়ায় এখানে সব সময় যানবাহনের চাপ বেশি থাকে। এর সঙ্গে যোগ হয়েছে অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব। ফলে স্বল্প দূরত্ব অতিক্রম করতেও সময় লাগছে দীর্ঘ সময়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজন জানান, জরুরি রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে গিয়ে তারা প্রায়ই যানজটে আটকে পড়ছেন। এতে রোগীর অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

এলাকাবাসী আরও জানান, ট্রাফিক পুলিশের উপস্থিতি অনিয়মিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও স্থায়ী কোনো সমাধান দেখা যাচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হলে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে।

Ads