বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী, তিনদিনব্যাপী আয়োজন

মিরাজুল ইসলাম, ভ্রাম্মমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী, তিনদিনব্যাপী আয়োজন

৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। জাতীয়ভাবে দিবসটি উদযাপনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো কুঠিবাড়ি এলাকা সাজানো হচ্ছে নতুন সাজে। প্রশাসন, সংস্কৃতিকর্মী ও কুঠিবাড়ির কর্মচারীদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে গোটা প্রাঙ্গণ।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। এখানেই বসে তিনি রচনা করেছেন বহু কালজয়ী সাহিত্যকর্ম। বিশ্বসাহিত্যে বাংলা ভাষাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া ‘গীতাঞ্জলি’র অনুবাদও এই কুঠিবাড়িতে বসেই সম্পন্ন করেছিলেন বলে জানা যায়। এছাড়াও ‘নৌকাডুবি’, ‘ডাকঘর’, ‘পোস্টমাস্টার’সহ অসংখ্য কবিতা, ছোটগল্প, নাটক ও উপন্যাসের সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে শিলাইদহের স্মৃতি।

কবিগুরুর জন্মবার্ষিকীকে কেন্দ্র করে কুঠিবাড়ির প্রতিটি প্রান্তে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। বাড়ির আঙিনা থেকে শুরু করে মূল ভবনের চারপাশ রঙের আঁচড়ে হয়ে উঠছে আকর্ষণীয়। ঝেড়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে কবির ব্যবহৃত আসবাবপত্র ও সংরক্ষিত স্মৃতিচিহ্ন। দর্শনার্থীদের জন্য নির্মাণ করা হচ্ছে অস্থায়ী মঞ্চ, বসার স্থান ও বিভিন্ন সুবিধা।

কুঠিবাড়ির এক কর্মচারী জানান, প্রতি বছরের মতো এবারও জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনার্থীরা যাতে সুন্দর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শুধু জন্মবার্ষিকী নয়, বছরজুড়েই দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও রবীন্দ্রভক্ত ছুটে আসেন শিলাইদহ কুঠিবাড়িতে। কবিগুরুর স্মৃতি, সাহিত্য ও জীবনদর্শনকে হৃদয়ে ধারণ করতেই তাদের এই আগমন বলে জানান অনেকে। দর্শনার্থীদের ভাষ্য, কুঠিবাড়িতে এলেই যেন অনুভব করা যায় রবীন্দ্রনাথের উপস্থিতি ও তাঁর সৃষ্টিশীলতার আবহ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও গ্রামীণ মেলা। আয়োজন সফল করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শিলাইদহ কুঠিবাড়ির কাস্টডিয়ান মো. আল আমিন।

তিনি বলেন, “রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালি সংস্কৃতি ও চেতনার অন্যতম প্রধান প্রতীক। তাঁর জন্মবার্ষিকী উদযাপনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ থাকবে বলে আমরা আশা করছি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তাকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করেছেন। তাঁর সাহিত্য, দর্শন ও মানবিক চিন্তাধারা নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তার লাভ করুক, জন্মবার্ষিকীতে এমন প্রত্যাশাই সচেতন

Ads