দৌলতপুরে অবৈধ ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান নকল ডার্বি-স্টার সিগারেট, তামাক ও ফিল্টার উদ্ধার

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দৌলতপুরে অবৈধ ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান নকল ডার্বি-স্টার সিগারেট, তামাক ও ফিল্টার উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ সিগারেট তৈরির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, প্রসেসড তামাক এবং সিগারেট তৈরির ফিল্টার উদ্ধার করেছে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মো. আহসান হাবীবের ভাড়াকৃত একটি ফ্যাক্টরিতে নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল। র‌্যাবের আভিযানিক দলের সঙ্গে ভেড়ামারা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ এর সহকারী রাজস্ব কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফ্যাক্টরির মালিক, ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযান চালিয়ে ১ লাখ শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, ১৫০ কেজি তামাক এবং ২৪ হাজার শলাকা সিগারেট তৈরির ফিল্টার জব্দ করা হয়।

এছাড়া সিগারেট তৈরির কাজে ব্যবহৃত ৬টি মেশিন আটক করে ফ্যাক্টরিটি সিলগালা করা হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Ads