সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধনে সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার উদ্বোধনে সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া

নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে, তিনদিন ব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা-২০২৬। শনিবার (৯ মে)বিকেলে স্থানীয় জিআরপি পুলিশ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উদ্ভোদনী মেলায় হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, সৈয়দপুরের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থান উদ্যোক্তাদের নিজস্ব প্রচেষ্টা ও শ্রমের ফল। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা যেহেতু উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই এই শিল্প অনেক দুর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৈয়দপুরে এ ধরনের প্রযুক্তি ও পণ্যভিত্তিক মেলা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, “সৈয়দপুর আমার অহংকার, আমার গর্ব। এই শিল্পের সঙ্গে হাজারো শ্রমিক জড়িত, যা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৈয়দপুর উন্নয়ন বৈষম্যের শিকার হলেও এখানকার মানুষের মেধা ও শ্রমে গড়ে উঠেছে শক্তিশালী লাইট ইঞ্জিনিয়ারিং খাত। সৈয়দপুরকে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শহীন আখতার শাহীন এবং সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু । মেলায় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তিনির্ভর পণ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং সামগ্রী প্রদর্শিত হচ্ছে।

এসময় বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Ads