সৈয়দপুরে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার : নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
সৈয়দপুরে অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার : নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে অপহরণকৃত নবম শ্রেণির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। একই সাথে অপহরণের ঘটনায় অভিযুক্তকে সুমন আলীকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মে) র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া সুমন আলী (২০) সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া এলাকার সফর উদ্দিন ওরফে সাহআলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া ছাত্রী সৈয়দপুর থানাধীন শিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুমন আলী দীর্ঘদিন ধরে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ওই ছাত্রীকে অপহরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হতো। একসময় বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ছাত্রীর বাবা সুমনকে সতর্ক করেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি।

গত ৭ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে সুমন আলী ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে বিভিন্ন সূত্রে পরিবারের সদস্যরা জানতে পারেন, মেয়েটি সুমনের বাড়িতে রয়েছে। তাকে উদ্ধারের জন্য সেখানে গেলে অভিযুক্ত ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দেয়। এনিয়ে গত ১১ মে ছাত্রীর বাবা এনামুল হক বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মদনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিযুক্ত সুমন আলীকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য উদ্ধার হওয়া ছাত্রী ও গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Ads